ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এ জন্য কিউবায় দুদিনের (৫ ও ৬ জানুয়ারি) শোক ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে জানান, কিউবার অনেক নাগরিক নিহত হয়েছেন। ট্রাম্প ওই সাক্ষাৎকারে আরও বলেন, ‘তারা মাদুরোকে সুরক্ষিত রাখছিল। এটা ভালো পদক্ষেপ ছিল না।’
কিউবার রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেনসা লাতিনা এজেন্সি জানায়, ভেনেজুয়েলা সরকারের অনুরোধে নিকোলাস মাদুরোকে রক্ষায় কিউবার এসব নাগরিক নিহত হয়। সরকারের বিবৃতি উল্লেখ করে সংস্থাটি জানায়, নিহত এসব সেনারা মার্কিন সেনাদের সঙ্গে সরাসরি প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
কিউবা সরকার যুক্তরাষ্ট্রের এ আক্রমণকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস ও আগ্রাসনের নতুন অপরাধী কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন।



