ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘ইরান যুদ্ধ চায় না, তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:৫৯ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি : ছবি : সংগৃহীত

ইরান কোনো ধরনের আগাম সামরিক হামলার পরিকল্পনা করছে না, তবে দেশটির ওপর আক্রমণ হলে যুদ্ধের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

সোমবার (১২ জানুয়ারি) তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ‘যুদ্ধ চায় না’, তবে কোনো পক্ষ ভুল হিসাব করলে তার পরিণতি ভোগ করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময়ের তুলনায় এখন ইরান ‘আরও বেশি প্রস্তুত’।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনার কথা উল্লেখ করেন। দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে বিক্ষোভকারীদের নিহত হওয়ার খবরের পর ট্রাম্প বলেন, ‘সামরিক বাহিনী বিষয়টি দেখছে, এবং আমরা খুব শক্ত কিছু বিকল্প নিয়ে ভাবছি।’ সূত্র: বিবিসি