তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজিনকান প্রদেশে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এএফএডির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এরজিনকান প্রদেশের কেমাহ জেলার হাকবিলির গ্রামের কাছাকাছি এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৪.৫২ কিলোমিটার।
ভূমিকম্পের কম্পন পার্শ্ববর্তী টুনসেলি, গুমুশানে, এলাজিগ ও বেবার্ট প্রদেশেও অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরজিনকানের গভর্নর হামজা আইদোগদু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি।
তিনি বলেন, ‘সৌভাগ্যবশত, কেমাহ এলাকায় সংঘটিত ৪.৯ মাত্রার ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’
এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের পরপরই মাঠ পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রম শুরু করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো প্রতিকূল পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘এরজিনকানের কেমাহ জেলায় সংঘটিত ভূমিকম্পের পর এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোতে কম্পন অনুভূত হলেও বর্তমানে কোনো নেতিবাচক পরিস্থিতি নেই। মাঠ পর্যায়ের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।’
এদিকে, এরজিনকান গভর্নরের কার্যালয় জানিয়েছে, সংশ্লিষ্ট সব ইউনিট দ্রুত মাঠে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নেতিবাচক প্রতিবেদন পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন