দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি ছোট কুকুর। দুর্ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলের আরেকুইপা অঞ্চলে।
বিমান বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার রাশিয়ান নির্মিত মিল এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে সাত শিশুসহ মোট ১৫ জন নিহত হন।
উদ্ধারকারীরা সোমবার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি আরেকুইপা শহরের চালা ভিয়েজো এলাকায় প্রায় ৩০০ কিলোমিটার দূরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পান। হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল পিসকো শহর থেকে, যা ইকা অঞ্চলে অবস্থিত।
ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা ক্যারামেল রঙের একটি ছোট কুকুরকে জীবিত অবস্থায় খুঁজে পান। কুকুরটি ছিল নিহত কর্নেল জাভিয়ের নোলের (৫০) পোষা প্রাণী। দুর্ঘটনার সময় তার স্ত্রী ও দুই মেয়েও হেলিকপ্টারে ছিলেন এবং তারাও প্রাণ হারান। কুকুরটিকে মালিকের মরদেহের পাশেই পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কুকুরটি সুস্থ আছে বলে মনে হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে একটি পশুচিকিৎসা ক্লিনিকে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, হেলিকপ্টারটি সম্প্রতি বন্যাদুর্গতদের উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন