সৌদি আরবে বুধবার (১৮ মার্চ) ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটি ঘোষণা করেছে যে, নতুন চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতরের প্রথম দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মার্চ। এর ফলে বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।
বিশ্বে এক মাস রোজা রাখার পর মুসলমানরা শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদ্যাপন করেন। এটি ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে মাস হয় ২৯ বা ৩০ দিনে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, পরদিন ঈদ উদ্যাপন করা হয়; না দেখা গেলে ৩০ রমজান শেষে ঈদ উদ্যাপন হয়।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত হবে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, তুরস্ক ও সিঙ্গাপুর জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তুরস্ক শুক্রবার ঈদ উদযাপন করবে, আর সিঙ্গাপুরে ঈদ উদযাপন হবে শনিবার।

