মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত অবসান চায় পৃথিবীর সব দেশ। তবে বিশেষভাবে রাশিয়া এটিকে আরও গুরুত্বের সঙ্গে দেখছে। রাশিয়া চায় এই সংঘাত যত দ্রুত সম্ভব সমাধান হোক। তারা এই অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানায়।
রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদনের অনুযায়ী, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতাদের সঙ্গে নিয়মিত আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার কথা রয়েছে পুতিনের।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইরান সংঘাত নিরসনে অবদান রাখতে রাশিয়া সচেষ্ট এবং প্রেসিডেন্ট পুতিন আঞ্চলিক নেতাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছেন।
পেসকভ সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট এই যোগাযোগ অব্যাহত রেখেছেন। যদি আমাদের সেবা প্রয়োজন হয়, তবে আমরা অবশ্যই সামরিক পরিস্থিতিকে দ্রুততম সময়ে শান্তিপূর্ণ ধারায় ফিরিয়ে আনার জন্য অবদান রাখতে প্রস্তুত।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-সংক্রান্ত যুদ্ধ ভাষণ এবং ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ এসব কথা বলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন