আজারবাইজানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টার দিকে নেফ্টচালার সোভেতবাদ এলাকায় এই কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে হওয়ায় এর তীব্রতা ছিল অনেক বেশি, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সোভেতবাদ শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে, যা ক্যাস্পিয়ান সাগরের উপকূলীয় অঞ্চলের অত্যন্ত কাছে।
অগভীর এই ভূমিকম্পের ফলে আজারবাইজানের রাজধানী বাকুসহ দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোতে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়।
ইউএসজিএস জানায়, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। নেফ্টচালা, লঙ্কারান এবং আস্তারা জেলাগুলোতে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি ছিল।
উল্লেখ্য, আজারবাইজানের এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় এখানে মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন