ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৯:২৭ এএম
বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর আট আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থল থেকে মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, এয়ারবাস এইচ-১৩০ মডেলের হেলিকপ্টারটি গতকাল বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত। যেখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারের লেজের অংশ বলে সন্দেহ করা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য মোট আটজনই নিহত হয়েছেন।

সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা ১৭ এপ্রিল স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মোহাম্মদ শাফি আরও জানান, বাগান এলাকাটির মালিক ইন্দোনেশিয়ার পাম অয়েল কোম্পানি চিত্রা মাহকোটা এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসান্তারার মালিকানাধীন ছিল।