ভারতের লাদাখে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বৃহস্পতিবার ভোররাতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৩টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল পাহাড়ি লেহ অঞ্চল। অক্ষাংশ ৩৬.৭২২ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৪.৪৫৬ পূর্বে এর অবস্থান নির্ণয় করা হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার গভীরে।
ভোররাতে হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেকেই ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘরের পাখা ও অন্যান্য আসবাবপত্র দুলতে দেখা যায়। তবে কম্পনের মাত্রা তুলনামূলক কম হওয়ায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৯ জানুয়ারি একই অঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেদিন সকাল ১১টা ৫১ মিনিটে হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, তখন ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৭১ কিলোমিটার গভীরে।
হিমালয় সংলগ্ন লাদাখ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় মাঝেমধ্যেই এ ধরনের কম্পন অনুভূত হয়। তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

