ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

লেবাননে যুদ্ধবিরতির বিরোধিতা করলেন বেন-গভির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১০:৪৭ পিএম
ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ছবি: সংগৃহীত

ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির লেবাননের সঙ্গে সম্ভাব্য কোনো যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন, যেন ইসরাইল কোনো পরিস্থিতিতেই লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত না হয়।

সোমবার ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেন-গভির বলেন, লেবাননকে এমন একটি ক্ষেত্র হিসেবে দেখা উচিত যেখানে ইসরাইল স্বাধীনভাবে তার সামরিক লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে। তার ভাষায়, লেবানন ইসরাইলের খেলার মাঠ হওয়া উচিত। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি গ্রহণের কোনো যৌক্তিকতা নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরাইলের এই অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার জন্যও নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বেন-গভির। তিনি ট্রাম্পকে ইসরাইলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান বজায় রেখেই ওয়াশিংটনকে জানানো প্রয়োজন যে ইসরাইল যুদ্ধবিরতির পক্ষে নয়। তার দাবি, সামরিক অভিযানে ইসরাইল ইতিবাচক ফল পাচ্ছে এবং নিজেদের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও ইসরাইলেরই।

এমন মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা এবং লেবানন সীমান্তে সংঘাত বন্ধের উদ্যোগ নিয়ে ইসরাইলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় ইরান ও হিজবুল্লাহকে ঘিরে কূটনৈতিক প্রচেষ্টার সমালোচনাও দেশটির ভেতরে বাড়ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘আই২৪ নিউজ’-এর প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হলে তা মধ্যপ্রাচ্যে তেহরান ও তার মিত্রদের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে বলে তেল আবিবের আশঙ্কা রয়েছে।

ইসরাইলি কর্মকর্তাদের একাংশের অভিযোগ, ট্রাম্প প্রশাসন এবং তাদের আলোচকরা ইরান ও হিজবুল্লাহর রাজনৈতিক-আদর্শিক অবস্থান যথাযথভাবে মূল্যায়ন করতে পারছেন না। এমনকি কেউ কেউ মন্তব্য করেছেন যে, ওয়াশিংটন শিয়া রাজনীতি ও মানসিকতার বাস্তবতা অনুধাবনে ব্যর্থ হচ্ছে।

তবে এই বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার সদস্যদের ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, মঙ্গলবার ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে পঞ্চম দফার সরাসরি বৈঠক হওয়ার কথা রয়েছে। গত এপ্রিল থেকে শুরু হওয়া এই আলোচনা মূলত লেবাননে ইসরাইলি সামরিক অভিযান বন্ধের পথ খুঁজতেই পরিচালিত হচ্ছে। এর আগে চার দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল এখনও ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, যার কিছু অংশ বহু বছর ধরে এবং কিছু এলাকা ২০২৩-২৪ সালের সংঘাতের পর থেকে দখল অবস্থায় রয়েছে।