ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জারুলিয়াছড়ি সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা জব্দ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১২:২৯ এএম
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী কাজুবাদাম বাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৭৯০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।

আজ (২২ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ৪৭/৩-এস-এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ‘কাজুবাদাম বাগান’ এলাকায় গোপনে অবস্থান নেয়। এ সময় কয়েকজন চোরাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে চোরাকারবারীরা তাদের বহন করা ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।