ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিন দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলো থেকে আগত যাত্রীদের নতুন করে ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে সরাসরি বা অন্য কোনো দেশের মাধ্যমে সৌদি আরবে আসতে চাইলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া, সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ওই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
দেশটির পাবলিক হেলথ অথরিটি ‘ওয়াকায়া’ জানিয়েছে, সংক্রামক রোগের সীমান্ত পেরিয়ে বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি এবং মহামারি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, যেসব দেশ ইবোলা-আক্রান্ত অঞ্চলগুলোর প্রতিবেশী, সেখান থেকে আগত ভ্রমণকারীদের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে সৌদি আরব। দেশের বিভিন্ন প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ কার্যক্রম এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে।
ওয়াকায়ার তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত দেশে ইবোলায় আক্রান্ত বা সন্দেহভাজন কোনো ব্যক্তির সন্ধান মেলেনি।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক মহামারি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় দেশটি পুরোপুরি প্রস্তুত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন