থাইল্যান্ডে নির্মাণকাজে ব্যবহৃত এক ক্রেন একটি চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির উত্তর পূর্বাঞ্চলের নাখন রাচাসিমা প্রদেশের শিখিও জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।
দুর্ঘটনাস্থলটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার দূরে বলে জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। ব্যাংকক থেকে উবন রাতছাঠানি প্রদেশের উদ্দেশে রওনা করেছিল ট্রেনটি।
পুলিশের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী পর্যন্ত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি।

