ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা এরদোয়ানের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৫৪ এএম
বেনিয়ামিন নেতানিয়াহু ও রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

গাজায় চলমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রাচীন মিসরের স্বৈরশাসক ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ইস্তাম্বুলে জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি গাজায় মানবিক সহায়তা প্রদানকারী ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা আজ পুরো বিশ্বকে নাড়া দিচ্ছে। অথচ এরপরও ইসরায়েল মানবিক ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি করছে।

এরদোয়ান বলেন, ‘বাতাস, বৃষ্টি ও কাদার মধ্যে বসবাস করা শিশুদের কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ তাদের মাথা গোঁজার জন্য কোনো তাঁবুও নেই। আমরা সেখানে কনটেইনার পাঠাতে চাই। কিন্তু নেতানিয়াহু তা করতে দিচ্ছেন না। আজ হোক বা কাল—আল্লাহর ইচ্ছায়—আমরা নির্যাতিত মানুষদের এই কষ্ট থেকে মুক্ত করব।’

তিনি আরও বলেন, মানবিক সহায়তা বন্ধ করে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধকে পদদলিত করছে। গাজার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় ভুক্তভোগী।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রদানকারী ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে। নিষিদ্ধ তালিকায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তাকারী সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের)-এর নামও রয়েছে। ইসরায়েলের এই সিদ্ধান্তকে অমানবিক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, এটি গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।

গাজা পরিস্থিতি নিয়ে তুরস্ক বরাবরই ইসরায়েলের কঠোর সমালোচক। সর্বশেষ এই মন্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে গাজা সংকট নিয়ে নেতানিয়াহু সরকারের ওপর চাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : হুরিয়েত ডেইলি নিউজ।