ভারতের মুম্বাইয়ে মেট্রোরেলের একটি পিলারের একাংশ ধসে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় চলন্ত একটি অটোরিকশা ও গাড়ির ওপর কংক্রিটের সেই স্তূপ আছড়ে পড়লে অন্তত ৫ জন আহত হন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছিল। ভেতর থেকে রক্তাক্ত মানুষকে উদ্ধারে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েন। মুম্বাই মেট্রো নিয়ন্ত্রক সংস্থা এমএমআরডিএ জানিয়েছে, বর্তমানে বোম্বে মেট্রোপলিটন করপোরেশন–বিএমসি ও দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, মুলুন্ডে (পশ্চিম) আজ মেট্রোরেলের একটি পিলারের অংশ খসে পড়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার দিকে সিমেন্টের স্তূপ একটি অটোরিকশা ও একটি কারের ওপর আছড়ে পড়ে।
ঘটনাস্থলের দৃশ্যে দেখা যায়, দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা থেকে এক ব্যক্তি বেরোনোর চেষ্টা করছেন আর একদল মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। তিন চাকার সেই অটোরিকশাটির পাশেই থাকা একটি কমলা রঙের কারের সামনের অংশ কংক্রিটের আঘাতে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশায় যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
এমএমআরডিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ দুপুর সোয়া বারোটা নাগাদ মুলুন্ড ফায়ার স্টেশনের কাছে মেট্রো লাইনের নির্মাণাধীন ১৯ নম্বর পিলারের একটি প্যারাপেট অংশ ওপর থেকে একটি চলন্ত অটোরিকশার ওপর খসে পড়ে।’ এতে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মেট্রো প্রকল্পের কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। তারা বিএমসি ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ চালাচ্ছেন এবং জায়গাটি সুরক্ষিত করার চেষ্টা করছেন।


