ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইয়েমেনে ক্ষমতার লড়াই, সংযম প্রদর্শনের আহ্বান আমিরাতের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: সংগৃহীত

ইয়েমেনে দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দক্ষিণ ইয়েমেনে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট সমাধানে সৌদি আরব সংলাপের উদ্যোগ নেওয়ার পর আমিরাত থেকেও এলো একই বার্তা।

শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইয়েমেনে স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে প্রজ্ঞা ও ধৈর্য ধারণ করতে হবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটেই আমিরাত এই আহ্বান জানিয়েছে।

গত মাসে আমিরাত-সমর্থিত দক্ষিণী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ (এসটিসি) দেশটির গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখল করে নেয়। তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী ওই এলাকাগুলো পুনরুদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে।

শনিবার সৌদি-সমর্থিত ‘ন্যাশনাল শিল্ড ফোর্সেস’ হাজরামাউত প্রদেশের সিইউন শহর পুনর্দখল করে প্রাদেশিক রাজধানী মুকাল্লার দিকে অগ্রসর হয়। এসটিসি-সমর্থিত বাহিনীকে সরিয়ে সরকারি বাহিনীর এই অগ্রযাত্রায় রিয়াদ ও আবুধাবির দীর্ঘদিনের মিত্রতার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে এসটিসির সাম্প্রতিক ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংগঠনটি আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার জন্য একটি গণভোট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে।

উত্তেজনা প্রশমনে সৌদি আরব সব পক্ষকে নিয়ে রাজধানী রিয়াদে একটি সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপের আয়োজন করা হবে।

ইয়েমেন এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত। একদিকে উত্তর ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ক্ষমতা দখল করে আছে, অন্যদিকে দক্ষিণাঞ্চলে সৌদি আরব ও আমিরাত সমর্থিত গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার এই সংঘাত ইয়েমেনকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।