ইরানের পূর্বাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভকারীদের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতের বিক্ষোভে তারা নিহত হন। সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (৯ জানুয়ারি) ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, ইরানি রিয়ালের দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রথমে আন্দোলন শুরু করেন। যা খুব দ্রুত সময়ে দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। পরে তা সহিংসতায় রূপ নেয়। এরমধ্যে বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হয়। এদিন অনেক বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। এরমধ্যে জানা গেলে কেরমানশাহতে ৮ বিপ্লবী গার্ড প্রাণ হারিয়েছেন। তবে সেখানে কতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন সেটি জানা যায়নি।
গত শুক্রবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন জানিয়েছে , গত বৃহস্পতিবার রাতে শুধু দেশটির রাজধানী তেহরানেই ২১৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।


