ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:০৩ পিএম
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং । ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক হঠকারিতা পশ্চিম এশিয়াকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে পুরো বিশ্ব আজ উদ্বিগ্ন। যুদ্ধের ক্রমবর্ধমান হুমকি আঞ্চলিক উত্তেজনাকে ভয়ংকর পর্যায়ে নিয়ে গেছে।

চীনা এই কূটনীতিক সাফ জানিয়ে দিয়েছেন, শক্তি প্রয়োগ করে কখনো সমস্যার সমাধান সম্ভব নয়। যেকোনো ধরনের সামরিক দুঃসাহস এই পুরো অঞ্চলকে এক অনিশ্চয়তার অতল গহ্বরে নিক্ষেপ করবে।

ফু কং সরাসরি ওয়াশিংটন ও তার মিত্রদের উদ্দেশ্য করে বলেন, আন্তর্জাতিক মহলের আহ্বান মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করা উচিত। পরিস্থিতির আরও অবনতি ঘটে এমন কোনো কাজ বা আগুনে ঘি ঢালার মতো উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে তিনি যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন।

ইরানের সার্বভৌম অধিকারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশটির ভবিষ্যৎ কেবল সেদেশের জনগণই নির্ধারণ করবে। বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সর্বদা সমর্থন বজায় রাখবে।

এ সময় আন্তর্জাতিক আইনের মূলনীতিগুলো মনে করিয়ে দিয়ে ফু কং বলেন, জাতিসংঘ সনদের মর্যাদা রক্ষা করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। পশ্চিম এশিয়াকে বহিরাগত শক্তির ভূ-রাজনৈতিক লড়াইয়ের ময়দানে রূপান্তর করার তীব্র বিরোধিতা করে তিনি জানান, এই অঞ্চলটি এখানকার মানুষের এবং একে বাইরের শক্তির খেলার পুতুল হতে দেওয়া যাবে না। সূত্র: প্রেস টিভি