ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে হাফেজ খোমেইনি স্কুল ও এটির আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের ক্রমবর্ধমান দাবির মধ্যেই খোমেইনে নতুন হামলার এ ঘটনা ঘটল।
এ ছাড়া সোমবার (৯ মার্চ) পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার সারা দিন ধরেই পরিস্থিতি এমন ছিল—প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর এ ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটছে। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
সোমবার ইসফাহানসহ অন্যান্য বড় শহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন