ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষ্ণ সাগরে রাশিয়ার তেলবাহী জাহাজে হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:০৪ পিএম
তেলবাহী জাহাজ। ছবি : সংগৃহীত

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যেই এবার তুরস্ক উপকূলে কৃষ্ণসাগর এলাকায় রুশ তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলার ঘটনার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ‘আলতুরা’ নামের ট্যাঙ্কারটি বসফরাস প্রণালির কাছাকাছি, উপকূল থেকে প্রায় ১৫–১৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এ সময় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে পানি ঢুকে পড়ে।

তবে জাহাজে থাকা ২৭ জন নাবিকই নিরাপদ আছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই তুরস্কের কোস্ট গার্ড ও জরুরি সেবা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করে।

জাহাজ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কারটি প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল। এটি নোভোরোসিস্ক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, জাহাজটিতে পানির নিচ থেকে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল ইঞ্জিন রুম, যাতে জাহাজটি অচল হয়ে পড়ে।

এই হামলায় ড্রোন বা মানববিহীন সামুদ্রিক যান (চালকবিহীন সামুদ্রিক যান) ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা বলছেন, চলমান আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে কৃষ্ণসাগর অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে। সাম্প্রতিক এই ঘটনা সেই ঝুঁকির বিষয়টি আবারও সামনে নিয়ে এলো।