গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতরা পশ্চিম গাজা সিটির সালেম পরিবারের সদস্য।
২০২৩ সালের ১৯ ডিসেম্বর আল-রিমাল এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ধ্বংস হওয়া ওই বাড়িটিই ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা।
সংস্থাটি জানায়, সীমিত সরঞ্জাম—এর মধ্যে একটি এক্সক্যাভেটরও রয়েছে—ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকের বেশি এলাকা দখলে রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ৮০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।



