পাকিস্তানের ঝিলাম জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল ঝিলামের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৫৮ কিলোমিটার দূরে। এই কম্পনে অন্তত একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঝিলামের ডেপুটি কমিশনার মীর রেজা ওজেন জানান, ভূমিকম্পটি পিন্ড দাদন খান তেহসিলের জালালপুর শরিফ এলাকায় বেশি অনুভূত হয়। এতে অন্তত ১০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন কাজ করছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ ও উদ্ধার অভিযান চলছে।
পিন্ড দাদন খানের সহকারী কমিশনার আয়েশা শাফকাত জানান, আহতদের জালালপুর শরিফের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত আটজনকে পরে ঝিলাম জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে ঝিলাম জেলা জরুরি কর্মকর্তা ফারহান মির্জা বলেন, সন্ধ্যা ৭টা ৯ মিনিটে রেসকিউ ১১২২ একটি জরুরি ফোনকল পায়। সেখানে জানানো হয়, ভূমিকম্পের কারণে একটি বাড়ির নিচতলা ধসে পড়ে এবং কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

