পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) এ হামলা চালানো হয় বলে ওয়াশিংটন থেকে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং এটি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। তবে বোটটি মাদক পাচারকারীদের পরিচালিত ছিল—এমন দাবির পক্ষে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লাতিন আমেরিকায় সক্রিয় এই গোষ্ঠীকে ‘নার্কো-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। তবে এসব হামলা নিয়ে ব্যাপক সমালোচনাও সৃষ্টি হয়েছে।
মানবাধিকার কর্মীদের মতে, এ ধরনের হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। নিহতদের মধ্যে কেউ কেউ সাধারণ জেলে ছিলেন বলে তাদের পরিবার ও সংশ্লিষ্ট দেশের সরকারগুলো দাবি করেছে। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধরনের অভিযানে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, দক্ষিণ আমেরিকা থেকে মাদক আনা নৌকাগুলো খুঁজে বের করার অভিযান এতটাই সফল হয়েছে যে এখন নতুন লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন