ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাশিয়ার গুপ্তচর সিআইএর সাবেক কর্মকর্তার কারাগারে মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১২:২৬ পিএম
আলদ্রিচ আমেজ। ছবি : সংগৃহীত

সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার হয়ে কাজ করা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা আলদ্রিচ আমেজ কারাগারে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) ম্যারিল্যান্ডের কামবারল্যান্ডে ‘ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউট’-এ তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। তার বয়স হয়েছিল ৮৪ বছর। ১৯৯৪ সালের ২৮ এপ্রিল থেকে কারাবন্দি ছিলেন তিনি। 

আমেজ একজন প্রাক্তন সিআইএ এজেন্ট হিসেবে সর্বাধিক পরিচিত, যিনি সোভিয়েত ইউনিয়নের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি করেছিলেন। গুপ্তচরবৃত্তি এবং কর ফাঁকির অভিযোগে আমেজ, তার স্ত্রী রোজারিও ১৯৯৪ সালে গ্রেপ্তারের পর কোনো বিচার ছাড়াই দোষ স্বীকার করেন। 

গুপ্তচরবৃত্তির অভিযোগে আলদ্রিচকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড এবং তার স্ত্রী রোজারিওকে পাঁচ বছরের কিছু বেশি কারাদণ্ড দেওয়া হয়।

আমেজ এক দশক ধরে মস্কোকে তথ্য সরবরাহ করার কথা স্বীকার করেছেন; বিনিময়ে রাশিয়া তাকে ২.৫ মিলিয়ন ডলার দিয়েছে। রায় ঘোষণার আগের দিন ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেজ বলেছিলেন, ‍দেনা পরিশোধ ও অন্যান্য আর্থিক সমস্যার কারণে তিনি রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িয়ে পড়েন।