ফরহান আখতারের ‘ডন ৩’ সিনেমাটি নিয়ে গত কয়েক মাস ধরে বিতর্কে অভিনেতা রণবীর সিংহ। নায়কের সঙ্গে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর চলতি বিরোধ এবার আইনের দরজা পর্যন্ত পৌঁছল। সম্প্রতি ‘এফডব্লিউআইসিই’ রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে। তার পরেই অভিনেতা পাল্টা পদক্ষেপ হিসেবে ফেডারেশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে।
আরও জানা যায়, গত মঙ্গলবার ‘এফডব্লিউআইসিই’-এর উদ্দেশে এই আইনি নোটিশ পাঠানো হয়। যদিও নোটিশে রণবীর ঠিক কী দাবি জানিয়েছেন, তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে এখন আদালতে হাজিরা দিয়ে ‘এফডব্লিউআইসিই’-কে জবাব দিতে হতে পারে।
সম্প্রতি বৈঠকে ‘এফডব্লিউআইসিই’ ঘোষণা করে যে, ‘ডন ৩’ সিনেমাকে ঘিরে তৈরি হওয়া জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ফেডারেশনের সদস্যেরা রণবীরের সঙ্গে কোনো ধরনের কাজ করবেন না। সেই বৈঠকে উপস্থিত কয়েকজন সদস্য জানান, ‘ডন ৩’ সিনেমার নির্মাতা ফরহান ও রিতেশ সিধওয়ানি তাদের কাছে অভিযোগ করেছিলেন যে, সিনেমার শুটিং শুরু হওয়ার অল্প কিছু দিন আগে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন নায়ক।
ফেডারেশনের দাবি, সমস্যা না বাড়িয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার করার জন্য তারা নায়ককে ডেকেছিল তিনবার। কিন্তু কোনো সাড়া মেলেনি রণবীরের তরফে। উল্টে ‘এফডব্লিউআইসিই’-কে ই-মেইল পাঠিয়েছিলেন রণবীর। সেখানে তিনি জানান, এই বিষয়টি ‘এফডব্লিউআইসিই’-এর এখতিয়ারের মধ্যে পড়ে না। এই ঘটনার পরেই নায়কের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে ফেডারেশন।
অন্যদিকে, ‘এফডব্লিউআইসিই’-এর এই পদক্ষেপের পরে রণবীরের টিম একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘চলচ্চিত্র জগতের প্রতিটি মানুষ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলের প্রতি শ্রদ্ধা রয়েছে রণবীরের। ‘ডন ৩’ নিয়ে চলা বিতর্কের সময় সচেতনভাবেই নীরবতা বজায় রেখেছেন তিনি। রণবীরের বিশ্বাস, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা দরকার।’
এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে নতুন করে চর্চা শুরু হয়েছে। ‘এফডব্লিউআইসিই’ বনাম রণবীরের এই বিরোধ শেষপর্যন্ত কোন দিকে গড়ায়, সে দিকেই এখন নজর রয়েছে সবার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন