আধুনিক অফিস সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে চেয়ারে বসে থাকা। ই-মেলের জবাব দেওয়া থেকে শুরু করে ভিডিও কলে অংশ নেওয়াÑ সবকিছুই ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে সম্পন্ন হয়। তবে চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ বসে থাকার এই অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি ওজন বৃদ্ধি, হৃদরোগ এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। কাজের ফাঁকে বিরতি নেওয়া শরীরের জন্য উপকারী। এটা সবার জানা থাকলেও কর্মক্ষমতা ঠিক রেখে ঠিক কতক্ষণ পরপর নড়াচড়া করা উচিত, তা নিয়ে এত দিন স্পষ্ট ধারণা ছিল না। সম্প্রতি ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, প্রতি ঘণ্টায় মাত্র পাঁচ মিনিটের একটি হাঁটার বিরতি বা ‘মুভমেন্ট স্ক্যাক্স’ মানসিক সুস্থতা ও কর্মোদ্দীপনা বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।
কলম্বিয়া ইউনিভার্সিটির প্রধান গবেষক কিথ ডায়াজ জানান, বর্তমান যুগে অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তাদের জেগে থাকার সময়ের প্রায় তিন-চতুর্থাংশ বসেই কাটান। ‘কম বসুন এবং বেশি নড়াচড়া করুন’Ñ এই সাধারণ পরামর্শটি সঠিক হলেও মানুষের জানা প্রয়োজন ঠিক কতটুকু নড়াচড়া করা উচিত। এই গবেষণায় আমেরিকার প্রায় ১১ হাজার চাকরিজীবীর ওপর সমীক্ষা চালানো হয়, যারা দৈনিক ৮ থেকে ৯ ঘণ্টা ডেস্কে বসে কাজ করেন। গবেষকেরা বিভিন্ন সময় অন্তর বিরতি নিয়ে পরীক্ষা করে দেখেছেন যে, প্রতি আধা ঘণ্টায় হাঁটা মেজাজ ফুরফুরে রাখলেও তা দৈনন্দিন কাজে কিছুটা ব্যাঘাত ঘটায়। অন্যদিকে, প্রতি দুই ঘণ্টায় একবার হাঁটা কোনো বিরতি না নেওয়ার চেয়ে ভালো হলেও আশানুরূপ ফল দেয় না। চূড়ান্ত ফলে দেখা যায়, প্রতি ঘণ্টায় মাত্র পাঁচ মিনিটের একটি হালকা হাঁটা উৎপাদনশীলতা, মেজাজ ও মনোযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং বাস্তবসম্মত উন্নতি আনে।
গবেষক ডায়াজ আরও উল্লেখ করেন, দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস ত্যাগ করা সহজ নয় এবং অনেক কর্মীই ভাবেন যে, বারবার বিরতি নিলে তাদের বস বা সহকর্মীরা কী ভাববেন। তবে বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে, কাজের মাঝে এমন ছোট বিরতি কর্মক্ষমতা কমানোর পরিবর্তে মনোযোগ, স্মৃতিশক্তি এবং কার্যনির্বাহী ক্ষমতা বাড়িয়ে দেয়। এটি কর্মীদের আরও স্বাচ্ছন্দ্য ও সতেজ বোধ করতে সাহায্য করে। এই হাঁটার জন্য বাড়তি কোনো খরচের প্রয়োজন নেই এবং এর জন্য কাজ পুরোপুরি বন্ধ করারও দরকার হয় না। অফিসের ভেতরে বা বাইরে হেঁটে হেঁটে মিটিং করা কিংবা ফোনে কথা বলার সময় পায়চারি করার মাধ্যমেও এই অভ্যাস গড়ে তোলা সম্ভব। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কার্ডিয়াক নার্স এমিলি ম্যাকগ্রা এই গবেষণাকে স্বাগত জানিয়ে বলেন, দৈনন্দিন জীবনে সামান্য নড়াচড়া যুক্ত করা সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তবে এই গবেষণা স্বল্পমেয়াদি এবং অংশগ্রহণকারীদের নিজেদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হওয়ায়, হৃদরোগের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করতে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। সূত্র : বিবিসি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন