ভারতের রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বাই মহাসড়কে একটি যাত্রীবাহী শয়নযান বাস মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, গভীর রাতে ঋষিকেশ থেকে ইন্দোরগামী বাসটি সামনে চলতে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর মুহূর্তেই আগুন বাস ও ট্রাকে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি। ফলে প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের দ্রুত দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দগ্ধ ও গুরুতর আহত কয়েকজন শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার আগে বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, বাসের মালামাল রাখার অংশে বিপুল পরিমাণ সিগারেটের কার্টন ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে।
তবে পুলিশ এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি। বেঁচে ফেরা যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তাদের দাবি, আশপাশের গ্রামের মানুষই প্রথমে আগুনে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে উদ্ধারকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। পুড়ে যাওয়া বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ ও অগ্নিকা-ের উৎস জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন