× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:১৯ এএম

এইচএসসি পরীক্ষা

প্রথম দিনেই বহিষ্কার ৭ অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী

রূপালী প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:১৯ এএম

প্রথম দিনেই বহিষ্কার ৭  অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী

এ বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা গতকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। এদিন সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।

বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলোÑ ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫ জন, যশোর বোর্ডে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন।

অসদুপায়ের দায়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জনসহ মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ পরীক্ষায় ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে ১ জনকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং অসদুপায়ের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরেও ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো : সারা দেশের মতো চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় বোর্ডের অধীনে ১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে ১১৪টি কেন্দ্রের কোনোটিতেই বহিষ্কারের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৭৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ১ হাজার ৩৪০ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রে ৫৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬৪ জন অনুপস্থিত ছিলেন। কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন, রাঙামাটির ১০টি কেন্দ্রে ৪ হাজার ১৭ জনের মধ্যে ৮৫ জন, খাগড়াছড়ির ১০টি কেন্দ্রে ৩৫৩ জনের মধ্যে ৭ জন এবং বান্দরবানের ৮টি কেন্দ্রে ২ হাজার ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। এ ছাড়া কোনো কেন্দ্র সচিব বা পরিদর্শকের অনুপস্থিতির ঘটনাও ঘটেনি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!