ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী ও যানবাহনের চালক। দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার জের ধরেই গতকাল ভোর ৬টা থেকে মহাসড়কের এই অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ যাত্রীরা। তিতাস উপজেলার স্কুলশিক্ষক তাপস চন্দ্র সাহা জানান, ঢাকা থেকে বাসে বাড়ি ফেরার পথে হাসানপুর এলাকায় যানজটে পড়েন তিনি। মাত্র ছয় কিলোমিটার পথ পাড়ি দিতেই তার দুই ঘণ্টা সময় ব্যয় হয়েছে।
এদিকে, মহাসড়ক সংলগ্ন এলাকার শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা পড়েছেন সবচেয়ে বড় অনিশ্চয়তায়। ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে যাওয়া এসএসসি পরীক্ষার্থী তানজিনা আক্তার ও এইচএসসি পরীক্ষার্থী মো. নাইম জানান, যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন। শ্যামলী পরিবহনের চালক মো. মাইনউদ্দিন জানান, ভোরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে দাউদকান্দি অংশে এসে যানজটের কবলে পড়েছেন তারা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন