দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় শুরু হয়েছে অস্ত্রোপচার (অপারেশন) কার্যক্রম। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য (এমপি) হাজি রুহুল আমিন ফিতা কেটে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন অপারেশন থিয়েটার অচল থাকায় স্থানীয় রোগীরা সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন। এখন থেকে প্রতি রোববার নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অস্ত্রোপচার কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, প্রাথমিকভাবে অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া ও ফিস্টুলাসহ বিভিন্ন ধরনের ছোটখাটো অস্ত্রোপচার এখানে সম্পন্ন করা হবে। তবে বর্তমানে হাসপাতালে কোনো গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না।
ডা. ফাহমিদা আক্তার বলেন, ‘হাসপাতালে গাইনি চিকিৎসক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত চিকিৎসক যোগ দিলে সিজারিয়ান অপারেশনও শুরু করা সম্ভব হবে। রোগীদের হয়রানি ও আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি। বাইরে বেসরকারি ক্লিনিকে যাওয়ার আগে রোগীরা যেন আমাদের এখানে যোগাযোগ করেন, তাতে তারা সরকারি খরচে মানসম্মত সেবা নিতে পারবেন।’
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসাইন, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্থানীয় সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন থেকে স্বল্প খরচে হাতের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন