বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে মূল ভূখ-ের সঙ্গে হাতিয়ার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে দ্বীপে যাতায়াতকারী শত শত যাত্রী। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় গত তিন দিন ধরে হাতিয়া রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী গন্তব্যে যাওয়ার আশায় অপেক্ষা করছিলেন। তবে নদীতে প্রবল ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে সি-ট্রাক, স্পিডবোট, ফেরি এবং যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই চলাচল করেনি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ রয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে হাতিয়ার সঙ্গে ঢাকা এবং অন্যান্য অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সতর্কসংকেত প্রত্যাহার করা হলে নৌযোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে।’ প্রশাসনের পক্ষ থেকে বৈরী আবহাওয়ায় প্রয়োজন ছাড়া নদীপথে চলাচল না করার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন