× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৫১ এএম

ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা পাচ্ছেন চাকরি হারানো ১৬২ সৈনিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৫১ এএম

ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা পাচ্ছেন  চাকরি হারানো ১৬২ সৈনিক

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে শুরু করে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত (২০২৪ জুন) অযৌক্তিকভাবে চাকরিচ্যুতি ও বৈষম্যের শিকার হওয়া প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জন সাবেক সেনাসদস্য এবার ভূতাপেক্ষ (আগের সময় থেকে কার্যকর) সুযোগ-সুবিধা পেতে যাচ্ছেন। একই প্রক্রিয়ায় রয়েছেন আরও অন্তত ৫০০ জন সৈনিক। গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন অভিযোগে বরখাস্তকৃত সেনাসদস্যদের একটি অংশ সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করার চেষ্টা করেছেন। গতকাল বুধবার সকাল ৯টায় বরখাস্তকৃত সেনাসদস্যদের মধ্যে ভূতাপেক্ষ সুবিধা পাওয়ার আবেদন করার পর যাচাই-বাছাইয়ে আবেদন আমলে নেওয়া হয়নি এমন একটি অংশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে সমবেত হন। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ১ হাজার ৩০০ জনের বেশি সাবেক সেনাসদস্য বৈষম্যের শিকার হওয়া এবং অযৌক্তিকভাবে চাকরি হারানোর অভিযোগ এনে পুনর্বহাল বা ভূতাপেক্ষ সুযোগ-সুবিধার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন যাচাই-বাছাইয়ের জন্য গঠিত পর্ষদ কয়েক ধাপে মূল্যায়ন শেষে প্রায় ৮৫০টি আবেদনকে যৌক্তিক বলে বিবেচনা করে। সেই ৮৫০টি আবেদনের মধ্যে প্রথম ধাপে প্রায় ৩৫০টি আবেদন পর্যালোচনা করা হয়। এর মধ্যে প্রায় ১৬২ জনের ক্ষেত্রে ভূতাপেক্ষ পদোন্নতি বা অন্যান্য সুবিধা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে অবসর-পরবর্তী প্রাপ্য সুবিধা পেতে শুরু করেছেন। অন্যদের ক্ষেত্রেও প্রয়োজনীয় কার্যক্রম শেষ হলে শিগগিরই সুবিধা প্রদান শুরু হবে। পর্ষদের বাছাইয়ে উত্তীর্ণ হওয়া বাকি প্রায় ৫০০টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। প্রতিটি আবেদন একাধিক ধাপে বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়েছে। যেসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট সেনাসদস্যদের চাকরি চলে গিয়েছিল, সেগুলোও পৃথকভাবে যাচাই করা হয়েছে। তদন্তে দেখা গেছে, আবেদনকারীদের একটি অংশ মাদকাসক্তি, পরকীয়াসহ বিভিন্ন নৈতিক ও শৃঙ্খলাজনিত অভিযোগে চাকরি হারিয়েছিলেন। তবে পরবর্তীতে তারাও নিজেদের বৈষম্যের শিকার দাবি করে পুনর্বহাল অথবা ভূতাপেক্ষ সুযোগ-সুবিধার আবেদন করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে সাবেক সেনাসদস্যদের মধ্যে যারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, তাদের সামনের সারিতে রয়েছেন বিভিন্ন অপরাধে জড়িত এমন কিছু সাবেক সদস্য। সংশ্লিষ্টদের আশঙ্কা, এ ধরনের আন্দোলনের কারণে যাদের আবেদন যৌক্তিক হিসেবে বিবেচিত হয়েছে এবং যারা সুবিধা পাওয়ার অপেক্ষায় আছেন, তারাও প্রক্রিয়াগত জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চাকরি হারানো বেশ কয়েকজন সাবেক সেনাসদস্য ইতিমধ্যে তাদের অবসরকালীন সুযোগ-সুবিধা পেতে শুরু করেছেন। যেকোনো সময় বাকিরাও তাদের সুযোগ-সুবিধা পাওয়া শুরু করবেন। বর্তমানে পর্যালোচনা পর্ষদে বাছাই হওয়া বাকি প্রায় ৫০০টি আবেদন প্রক্রিয়াধীন। সেগুলোও পর্যায়ক্রমে চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিটি আবেদনই নিখুঁতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বর্তমানে সাবেক সৈনিকদের মধ্যে যারা আন্দোলনের তৎপরতা চালাচ্ছেন, তাদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িয়ে চাকরি হারানো সাবেক সেনাসদস্যরাই অগ্রগামী ভূমিকা রাখছেন। বাস্তবতাবর্জিত এই উসকানিমূলক আন্দোলনের ফলে যারা প্রকৃত অর্থেই সুপারিশপ্রাপ্ত বা যৌক্তিক সুযোগ-সুবিধা পেতে যাচ্ছেন, তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত সপ্তাহে সশস্ত্র বাহিনীর ১৫০ জন সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর একই ধরনের বিষয়ে আবেদন করা সৈনিকদের একাংশের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!