নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৭টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্দুস ছালাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আসামি আব্দুস ছালামের গোয়ালঘর থেকে ৭টি, রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে ৩টি এবং লুত মিয়ার গোয়ালঘর থেকে ৩টিসহ মোট ১৩টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার গরুগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে এবং আসামি আব্দুস ছালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চুরির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে দেশব্যাপী প্রচার করা হলে ময়মনসিংহের গৌরীপুর থেকে কয়েক ব্যক্তি এসে ৭টি গরু শনাক্ত করেন। আদালতের নির্দেশনায় মালিকানা যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতে ওই এলাকায় পুনরায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মো. আজিম মিয়ার গোয়ালঘর থেকে দুটি এবং মো. অনিক মিয়ার গোয়ালঘর থেকে আরও দুটি গরু উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সব মিলিয়ে পৃথক দুই অভিযানে মোট ১৭টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অবশিষ্ট গরুগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন