জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে নিয়ে উদ্বিগ্ন। এখানকার মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দি রয়েছেন। মানুষ খুব কষ্টে আছে। অথচ স্থানীয় প্রশাসন ও সরকারের কেউ আসেনি এখানে। অবহেলা হোক, যে কারণেই হোক, দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না। যার যার সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি, এই মানুষগুলোকে কিছুটা হলেও আমরা সহযোগিতা করতে পারব। গতকাল রোববার চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময় উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। নাহিদ ইসলাম বলেন, ‘বেড়িবাঁধের কারণে এখানে কয়েক বছর ধরে পানি জমছে। এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লাখ কোটি বাজেট করা হয়েছে। আওয়ামী লীগের সময় এখানে লুটপাট করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হতে দেব না।’
তিনি আরও বলেন, বেড়িবাঁধের সমস্যার কারণেই বছরের পর বছর ধরে এই কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেড়িবাঁধের নামে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এবার বাজেটে বেড়িবাঁধের জন্য যে টাকা রাখা হয়েছে, তার একটা টাকাও আমরা দুর্নীতি বা লুটপাট হতে দেব না। সংসদে আমরা এই বেড়িবাঁধের কথা শক্তভাবে তুলব, যাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করে দ্রুত বাঁধের কাজ শেষ করা হয়।’ চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আনোয়ারার পর বাঁশখালীসহ অন্যান্য বন্যাদুর্গত এলাকায়ও দলের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।
ওই সময় উপস্থিত ছিলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন