ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বাভাবিক ও সাবলীল কথোপকথনের অভিজ্ঞতা দিতে দুটি নতুন ভয়েস মডেল জিপিটি-লাইভ-১ এবং জিপিটি-লাইভ-১ মিনি উন্মোচন করেছে ওপেনএআই। নতুন মডেলগুলোর বিশেষত্ব হলো, এগুলো একই সঙ্গে কথা বলতে ও শুনতে পারে। ফলে ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে কথার মধ্যে বাধা দিয়ে প্রশ্ন করতে পারবেন, আর মডেলটি তাৎক্ষণিকভাবে কথোপকথন চালিয়ে যেতে পারবে। এতে সরাসরি ভাষান্তরের মতো সুবিধাও পাওয়া যাবে।
ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির বর্তমান অ্যাডভান্সড ভয়েস মোড-এর পরিবর্তে ডিফল্ট হিসেবে ব্যবহার করা হবে জিপিটি-লাইভ-১ মিনি। আর অর্থের বিনিময়ে সেবা নেওয়া ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন আরও শক্তিশালী জিপিটি-লাইভ-১ মডেল।
নতুন ভয়েস মডেলগুলো প্রয়োজন অনুযায়ী জিপিটি-৫.৫-এর মতো সর্বাধুনিক ভাষা মডেলের সহায়তা নিয়ে অনুসন্ধান, বিশ্লেষণ ও জটিল কাজ সম্পন্ন করতে পারবে। একই সঙ্গে দীর্ঘ সময় নীরব থেকে কথোপকথনের প্রেক্ষাপট বুঝে প্রয়োজনমতো উত্তর দেওয়ার সক্ষমতাও এতে যুক্ত হয়েছে। প্রয়োজনে কিছু তথ্য দৃশ্যমান উপস্থাপনাও করতে পারবে নতুন ভয়েস মোড।
ওপেনএআইর তথ্য অনুযায়ী, বর্তমানে ১৫ কোটির বেশি মানুষ ভয়েস ও ডিকটেশন সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করছেন। প্রতিষ্ঠানটির বিশ্বাস, ভবিষ্যতে জটিল কম্পিউটিং কাজের প্রধান মাধ্যম হয়ে উঠতে পারে কণ্ঠভিত্তিক প্রযুক্তি।
তবে নতুন ভয়েস মোড এখনো সব ভাষায় সমানভাবে দক্ষ নয়। প্রদর্শনীতে হিন্দি ভাষায় সরাসরি অনুবাদের সময় উচ্চারণে স্পষ্ট বিদেশি টান এবং কিছুটা বইয়ের ভাষার ব্যবহার লক্ষ্য করা গেছে। ওপেনএআই জানিয়েছে, মডেলটি বিশ্বের বহুল ব্যবহৃত ভাষাগুলোর জন্য উন্নত করা হলেও কোন কোন ভাষা এতে সবচেয়ে ভালোভাবে সমর্থিত, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন