বাংলাদেশের প্রযুক্তি ও শিল্প খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি বাড়ানোরও আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গভর্নর এসব কথা বলেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে গভর্নর বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে চীনের আমদানি আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি দেশে বাংলা কিউআর বাস্তবায়নে চীনের ‘সিঙ্গেল কিউআর’ ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কামনা করি। আলোচনায় চীনের রাষ্ট্রদূত বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রযুক্তিনির্ভর শিল্প, উৎপাদন ও উদ্ভাবন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে আরও বেশি বিনিয়োগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কাউন্সেলর সং ইয়াং এবং অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন