কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার হামলার ধরন ও জটিলতা। আগের তুলনায় অনেক কম সময়েই এখন হ্যাকাররা বড় ধরনের সাইবার আক্রমণ চালাতে সক্ষম হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোর জন্য সমন্বিত সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘সফোস ফিউশন’।
প্রতিষ্ঠানটির দাবি, এটি শুধু একটি নিরাপত্তা সফটওয়্যার নয়; বরং নিরাপত্তা টুল, বিশ্লেষণ, হুমকি শনাক্তকরণ, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া এবং বিশেষজ্ঞ সেবাকে একই প্ল্যাটফর্মে একত্রিত করা একটি পূর্ণাঙ্গ সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা।
কেন প্রয়োজন নতুন প্রতিরক্ষাব্যবস্থা
বর্তমানে সাইবার অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আরও দ্রুত, সুসংগঠিত ও জটিল আক্রমণ চালাচ্ছে। অনেক প্রতিষ্ঠানে এখনো বিচ্ছিন্ন নিরাপত্তা টুল ব্যবহৃত হয়, ফলে হুমকি শনাক্ত ও প্রতিরোধে সময় বেশি লাগে। সফোস ফিউশন এই সীমাবদ্ধতা দূর করে বিভিন্ন নিরাপত্তা উপাদানকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসে, যাতে নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো সিস্টেম আরও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।
চারটি মূল ভিত্তির ওপর তৈরি
সফোস ফিউশনের কার্যক্রম মূলত চারটি প্রযুক্তিগত ভিত্তির ওপর গড়ে উঠেছে। শেয়ারড কনটেক্সট লেক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা উৎস থেকে পাওয়া তথ্য তাৎক্ষণিকভাবে একটি কেন্দ্রীভূত প্ল্যাটফর্মে জমা হয়। এতে হুমকি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।
সিনক্রোনাইজড সিকিউরিটি ব্যবস্থায় নেটওয়ার্কের কোনো একটি অংশে ঝুঁকি শনাক্ত হলেই একই সঙ্গে সব নিরাপত্তা স্তরে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় হয়ে যায়।
এজেন্টিক অটোনমি প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা বিশ্লেষকদের তত্ত্বাবধানে অনেক সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে নিতে পারে, ফলে প্রতিক্রিয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমে যায়।
কম্পাউন্ডিং ইন্টেলিজেন্স ব্যবস্থার মাধ্যমে প্রতিটি নতুন সাইবার হুমকি থেকে শেখা তথ্য ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে।
মানুষ ও এআই একসঙ্গে কাজ করবে
সফোসের প্রধান নির্বাহী কর্মকর্তা জো লেভির মতে, এআই সাইবার হামলার গতি, পরিসর এবং জটিলতা আগের যেকোনো সময়ের তুলনায় বাড়িয়ে দিয়েছে। তাই আধুনিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন এমন একটি প্রতিরক্ষাব্যবস্থা, যা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। সফোস ফিউশন সেই লক্ষ্যেই তৈরি হয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বিশেষজ্ঞ একসঙ্গে কাজ করে আরও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন