বরগুনার পাথরঘাটায় ভবনে নির্মাণকাজ করতে গিয়ে হাসান গাজী (৩৫) নামের এক শ্রমিকের বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান গাজী ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তালুক চরদুয়ানী বাজারের রিপনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পর্শ হন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. মো. সাইদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন