ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চীনের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৬

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:০৭ এএম

চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়া ও আগুনে ঢেকে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাহাড়ঘেরা গ্রামীণ এলাকায় একের পর এক বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর কারখানার চারপাশের তিন কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানে দেড় হাজারের বেশি কর্মী অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে প্রশিক্ষিত কুকুর, ড্রোন ও রোবট ব্যবহার করা হয়। উদ্ধারকারীরা কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কারখানার দুটি গানপাউডার গুদাম অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় দ্বিতীয় বিস্ফোরণের আশঙ্কা ছিল। এ কারণে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের দ্রুত চিকিৎসা এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করেছে।