ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাইজেরিয়ার স্কুলে সশস্ত্র হামলা, অপহৃত বহু শিক্ষার্থী

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০২:৩৭ এএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশে একটি বিদ্যালয়ে সশস্ত্র হামলা চালিয়ে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় শুক্রবার সকালে আসকিরা-উবা এলাকার মুসা প্রাথমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা ক্লাস চলাকালে বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের জোর করে তুলে নিয়ে যায়। আতঙ্কে কয়েকজন শিক্ষার্থী পাশের ঝোপে পালিয়ে যেতে সক্ষম হলেও অনেকে অপহৃত হয়েছে। বিদ্যালয়ের এক শিক্ষক জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে অভিযান চালায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে দ্রুত শিক্ষার্থীদের উদ্ধারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহ, অপহরণ ও জঙ্গি তৎপরতা চলমান। বিশেষ করে বোরনো অঞ্চলকে জঙ্গিগোষ্ঠীগুলোর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে, গ্রামীণ এলাকায় অপহরণ এখন সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ আদায়ের বড় মাধ্যম হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল মিনুকি নিহত হয়েছেন। তিনি বলেন, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে পরিচালিত অভিযানে আফ্রিকায় আত্মগোপনে থাকা এই জঙ্গি নেতাকে হত্যা করা হয়েছে।

তবে কোথায় অভিযানটি চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। নাইজেরিয়া সরকার জানিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে।