ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোত্রের বিয়েকে কেন্দ্র করে পাকিস্তানে ভয়াবহ সহিংসতা

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৬:৪৯ এএম

পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদ জেলায় ভিন্ন গোত্রের দুই তরুণ-তরুণীর স্বেচ্ছায় বিয়েকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত শতাধিক ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে বহু পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চান্না গোত্রের সিদরা নিজের পছন্দে বুরিরো গোত্রের মুহাম্মদ হাসান বুরিরোকে বিয়ে করেন। গত ৪ মে তারা আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। কিন্তু এ বিয়ে মেনে নেয়নি মেয়ের গোত্রের লোকজন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, সশস্ত্র হামলাকারীরা বুরিরো গোত্রের একটি গ্রামে হামলা চালিয়ে গুলি ছোড়ে এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, আতঙ্কে কেউ ঘর থেকে বের হতে পারেনি। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় বহু পরিবারের সারা জীবনের সঞ্চয়। ঘটনার পর এক ভিডিও বার্তায় ওই দম্পতি সরকারের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন। তারা জানান, বিয়ের পর থেকেই হুমকি ও চাপের মুখে ছিলেন। তবে অপর পক্ষের দাবি, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে অপহরণ করে বিয়ে দেওয়া হয়েছে। মেয়েটির বাবা অভিযোগ করেছেন, তার দুই মেয়েকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা ফয়জান আলী জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে দ্রুত তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, নিরীহ মানুষের জীবন ও সম্পদ নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না।