ইয়েমেনের হোদাইদা বন্দরনগরীর দক্ষিণে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা নিহত হয়েছেন। শনিবার ভোরে হাইস জেলায় কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সরকারপন্থি বাহিনী হামলা প্রতিহত করার দাবি করেছে। সামরিক সূত্র জানিয়েছে, হুতি বাহিনীরও হতাহত হয়েছে, তবে তাদের ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করা হয়নি। দীর্ঘ এক দশক ধরে চলা সংঘাতে ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় ধরনের সংঘর্ষ কমে এলেও সাম্প্রতিক হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। হুতিরা এর আগে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে হামলার হুমকিও দিয়েছে।
এদিকে লোহিত সাগরে হোদাইদা উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ সশস্ত্র হামলার শিকার হয়েছে। সমুদ্রপথের নিরাপত্তা তদারককারী আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পর লোহিত সাগর দিয়ে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, স্থলযুদ্ধের পাশাপাশি সমুদ্রপথেও হামলার ঝুঁকি বাড়ায় এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন