পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে একটি পুলিশ চৌকিতে সশস্ত্র হামলার পর নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ১৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে প্রাদেশিক প্রশাসন। তবে হামলায় ৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিহত হওয়ায় পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, জিয়ারাত জেলার মাঙ্গি এলাকার একটি পুলিশ চৌকিতে গভীর রাতে হামলা চালায় সশস্ত্র হামলাকারীরা। হামলার পর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, জঙ্গিবিরোধী বিভাগ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। তিনি জানান, নিহত পুলিশ সদস্যদের মধ্যে দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও রয়েছেন। হামলার সময় অপহৃত আট পুলিশ সদস্য নিরাপদে ফিরে এসেছেন এবং আরও একজন সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে কিছু সদস্যের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, বেলুচিস্তানের শান্তি ও উন্নয়ন ব্যাহত করতে চাওয়া কোনো গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না এবং জঙ্গিবাদ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠন স্বীকার না করলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির নাম উঠে এসেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও হামলার নিন্দা জানিয়ে দাবি করেছেন, হামলাকারীরা বিদেশি মদদপুষ্ট। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এই প্রদেশে নিরাপত্তা বাহিনী, সরকারি স্থাপনা এবং উন্নয়ন প্রকল্পকে লক্ষ্য করে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। পাল্টা অভিযানে বহু জঙ্গি নিহত হওয়ার দাবি করা হলেও সহিংসতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফলে বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়ে গেছে।

