দেখতে দেখতে কেটে গেছে দাম্পত্যের আট-আটটি বছর। তবুও পপ তারকা নিক জোনাস এবং বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার বিরাম নেই। মাঝেমধ্যেই নেটপাড়ায় রটে যায় তাদের ডিভোর্সের গুঞ্জন। গত ফেব্রুয়ারি মাসে গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে দুজনে আলাদা আলাদাভাবে পৌঁছাতেই এই জল্পনা নতুন করে ডালপালা মেলে। অতীতেও বহুবার তাদের এই বিয়েকে ‘লোকদেখানো’ বা ‘পারফর্মেটিভ’ বলে কটাক্ষ করা হয়েছে। এবার এই সমস্ত নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা সাফ জানান, তাদের সম্পর্ক নিয়ে চলা অবিরাম চর্চা বোঝার চেষ্টা তিনি এখন ছেড়ে দিয়েছেন। অভিনেত্রীর কথায়, ‘আমাদের বিয়ের আট বছর হয়ে গেল। এরপরেও যদি মানুষ আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার অপেক্ষায় বসে থাকতে চান, তবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এই নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিয়েছি।’
নিক ও প্রিয়াঙ্কার বয়সের ব্যবধান প্রায় ১০ বছরের। পাশাপাশি দুজনের সংস্কৃতি ও পটভূমিও সম্পূর্ণ ভিন্ন। প্রিয়াঙ্কার ধারণা, এই বিষয়গুলোই হয়তো অনেকে সহজে মেনে নিতে পারেননি। তিনি বলেন, ‘আমি জানি না আমাদের কোন বিষয়টায় মানুষের এত আপত্তি ছিল। সম্ভবত আমাদের ভিন্ন সংস্কৃতি, ভিন্ন দেশ, ভিন্ন ধর্ম এবং বয়সের ব্যবধানটাই অনেকের চোখে লেগেছে।’
শুরুর দিকে এই ধরণের অবিরাম ট্রোলিং যে বেশ কষ্টদায়ক ছিল, তা অকপটে স্বীকার করেছেন ‘দেশি গার্ল’। তবে তারা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। প্রিয়াঙ্কা জানান, বাইরের দিকে না তাকিয়ে তারা তখন শুধু একে অপরের চোখের দিকে তাকিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে এসবের কোনও গুরুত্ব নেই। ফলে এখন এই সমস্ত নেতিবাচকতা তাদের আর স্পর্শ করে না।
সাক্ষাৎকারে এক চমকপ্রদ তথ্য ফাঁস করেন প্রিয়াঙ্কা। তিনি জানান, আলাপ হওয়ার মাত্র ছয় মাসের মাথায় নিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। আর এত দ্রুত সবটা হওয়ায় শুরুর দিকে খোদ প্রিয়াঙ্কার মনেই সংশয় জেগেছিল! নিকের অতিরিক্ত ভদ্রতা ও সততাকে প্রথম দিকে প্রিয়াঙ্কার মনে হয়েছিল এক ধরণের ‘অভিনয়’।

