ভারতের কাছ থেকে ব্রহ্মস অতিধ্বনির চেয়ে দ্রুতগতির ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া। ভারতীয় সূত্র জানিয়েছে, প্রায় ৬৩ কোটি ডলার মূল্যের এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ উপলক্ষে জাকার্তা সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চুক্তি কার্যকর হলে ফিলিপাইনের পর ইন্দোনেশিয়া হবে ভারতের তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের তৃতীয় বিদেশি ক্রেতা। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত এই ক্ষেপণাস্ত্র স্থল, সমুদ্র ও আকাশÑ তিন মাধ্যম থেকেই নিক্ষেপ করা যায় এবং বিশ্বের অন্যতম দ্রুতগতির ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। অন্যদিকে, অস্ত্র ক্ষেপণাস্ত্র ইন্দোনেশিয়ার সুখোই যুদ্ধবিমানে ব্যবহার করা যাবে। চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং অবকাঠামো উন্নয়ন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত বিষয় নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থানও আরও সুদৃঢ় করবে।

