ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ৭৭৫ কোটি টাকার রাইটস শেয়ার অনুমোদন দেঢয়া হয়েছে। একই সঙ্গে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড হিসেবে ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার কমিশনের সভাকক্ষে ১০১৯তম সভায় অনুমোদন দেওয়া হয়েছে। সভা থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
রাইটস শেয়ার অনুমোদন : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে (ইউসিবিএল) রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে কমিশন। ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যে মোট ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯ সাধারণ শেয়ার ইস্যু করবে।
বিদ্যমান শেয়ারহোল্ডারদের জন্য রাইটস শেয়ারের অনুপাত হবে ১:২ (অর্থাৎ, প্রতিটি বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার ইস্যু করা হবে। ব্যাংকটি পুঁজিবাজার থেকে মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে।
রাইটস শেয়ার থেকে সংগৃহীত এই অর্থ ব্যাংকটি তাদের নিয়মিত ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য মূলধন হিসেবে ব্যবহার করবে।
নতুন বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন : সভায় কমিশন একটি নতুন বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও এর সারসংক্ষেপ (ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড) অনুমোদন করেছে। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা।
ফান্ডের উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড ৩ কোটি টাকা দিয়েছে এবং অবশিষ্ট ২৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ব্লু-ওয়েলথ অ্যারেট লিমিটেড। ফান্ডের ট্রাস্টি হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসিকে যুক্ত করা হয়েছে বলে জানায় বিএসইসি।

