বর্ষা এলেই প্রকৃতির ক্যানভাসে নেমে আসে এক অন্যরকম সৌন্দর্য। মেঘের গর্জন, বৃষ্টির টুপটাপ শব্দ আর ভেজা মাটির গন্ধে চারপাশ হয়ে ওঠে সজীব। এই সময় কি সারাদিন ঘরে বসে থাকা সম্ভব! কোনো না কোনো কাজে বাইরে যাওয়ার প্রয়োজন পরতেই পারে। বাসা থেকে বের হওয়া মানে হযবরল অবস্থা। শরীর-জামাকাপড় ভিজে যাওয়া, কাপড়ে কাদা লাগা, চুল ভিজে যাওয়াÑ শেষে ঠান্ডা লাগা। বর্ষার এই সৌন্দর্য উপভোগ করতে মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠে একটি ছাতা। বৃষ্টির ফোঁটা থেকে রক্ষা করার জন্য যার যাত্রা শুরু, সময়ের সঙ্গে সেই ছাতা আজ হয়ে উঠেছে রুচি, ফ্যাশন ও ব্যক্তিত্বের প্রতীক। একসময় ছাতা বলতে বোঝানো হতো কালো কাপড়ে মোড়ানো শক্তপোক্ত একটি আশ্রয়। কাঠের হাতল, লোহার শিক আর মজবুত কাপড়ের সেই ছাতা ছিল দীর্ঘদিনের সঙ্গী। গ্রাম-বাংলার কাঁচা রাস্তা থেকে শহরের ব্যস্ত ফুটপাত সবখানেই এই ছাতার উপস্থিতি ছিল স্বাভাবিক। এখনো অনেকের কাছে ঐতিহ্যবাহী এই ছাতা নির্ভরতা ও আভিজাত্যের প্রতীক।
ছাতার বদলে যাওয়া রূপ
সময়ের পরিবর্তনের সঙ্গে ছাতার নকশা ও ব্যবহারে এসেছে নানা বৈচিত্র্য। সাধারণ ছাতার পাশাপাশি এখন বাজারে রয়েছে ফোল্ডিং ছাতা, অটোমেটিক ছাতা, স্বচ্ছ ছাতা, গলফ ছাতা, শিশুদের রঙিন ছাতা এবং পরিবেশবান্ধব ছাতা। ব্যস্ত নগরজীবনে ফোল্ডিং ছাতা মানুষের অন্যতম প্রয়োজনীয় সঙ্গী। ছোট আকারের হওয়ায় এটি সহজেই ব্যাগে রাখা যায়। হঠাৎ বৃষ্টি নামলে মুহূর্তেই খুলে নেওয়া যায়। তবে ব্যবহারের পর ভেজা অবস্থায় ব্যাগে রেখে দিলে ছাতার কাপড় নষ্ট হতে পারে, তাই শুকিয়ে সংরক্ষণ করা জরুরি।
অটোমেটিক ছাতা আধুনিক প্রযুক্তির এক সুন্দর উদাহরণ। একটি বোতাম চাপলেই খুলে যাওয়া বা বন্ধ হওয়ার সুবিধা থাকায় কর্মব্যস্ত মানুষের কাছে এর জনপ্রিয়তা বেশি। তবে যান্ত্রিক এই ছাতা যতœ নিয়ে ব্যবহার করতে হয়। জোর করে খোলা বা বন্ধ করলে এর ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
রং, নকশা ও আধুনিকতার ছোঁয়া
বর্ষার ধূসর আকাশে রঙের উৎসব নিয়ে আসে রঙিন ছাতা। লাল, নীল, হলুদ, সবুজ কিংবা ফুলেল নকশার ছাতাগুলো শুধু বৃষ্টি ঠেকায় না, বরং মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। তরুণ প্রজন্মের কাছে ছাতা এখন পোশাকের মতোই ফ্যাশনের একটি অংশ। স্বচ্ছ ছাতা আধুনিক রুচির আরেকটি পরিচয়। এর স্বচ্ছ আবরণের মধ্য দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো দেখা যায়, যেন মানুষ বৃষ্টির সঙ্গে এক ধরনের নৈকট্য অনুভব করতে পারে। শহরের রাস্তায়, ক্যাম্পাসে কিংবা ভ্রমণের সময় এই ছাতা আলাদা আকর্ষণ তৈরি করে। তবে দীর্ঘদিন ভালো রাখতে এটি পরিষ্কার রাখা এবং অতিরিক্ত রোদে না রাখাই ভালো।
বড় আকৃতির গলফ ছাতা আবার ভিন্ন ধরনের সুবিধা দেয়। এর প্রশস্ত পরিসরে একাধিক মানুষ আশ্রয় নিতে পারেন। পরিবার বা বন্ধুদের সঙ্গে বৃষ্টিভেজা পথে হাঁটার সময় এই ছাতা হয়ে ওঠে একসঙ্গে থাকার প্রতীক। তবে ঝড়ো বাতাসে বড় ছাতা ব্যবহারে সতর্ক থাকতে হয়।
শিশুর হাসি থেকে পরিবেশ সচেতনতার পথে
শিশুদের ছাতার জগৎ যেন আলাদা এক রঙিন পৃথিবী। কার্টুন চরিত্র, ফুল, প্রজাপতি কিংবা রংধনুর ছবি আঁকা ছোট ছোট ছাতা তাদের কাছে বর্ষাকে আনন্দের উৎসবে পরিণত করে। শিশুদের জন্য ছাতা নির্বাচনের সময় আকার, ওজন ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার। বর্তমান সময়ে পরিবেশবান্ধব ছাতার ব্যবহারও বাড়ছে। বাঁশের হাতল, পুনর্ব্যবহারযোগ্য কাপড় কিংবা টেকসই উপকরণ দিয়ে তৈরি এসব ছাতা শুধু ব্যবহারকারীর প্রয়োজন মেটায় না, পরিবেশ রক্ষার বার্তাও বহন করে। দীর্ঘদিন ব্যবহারের উপযোগী হওয়ায় এগুলো অপচয় কমাতে সাহায্য করে।
ছাতা যখন স্মৃতি ও অনুভূতির প্রতীক
ছাতা শুধু বৃষ্টির হাত থেকে রক্ষা করার একটি বস্তু নয়; এটি মানুষের অনুভূতির সঙ্গেও জড়িয়ে আছে। একই ছাতার নিচে পাশাপাশি হাঁটার দৃশ্য কখনো ভালোবাসার গল্প হয়ে ওঠে, কখনো বন্ধুত্বের স্মৃতি হয়ে থাকে। সাহিত্য, চলচ্চিত্র ও ছবিতে ছাতা তাই বারবার ফিরে এসেছে আশ্রয় ও সম্পর্কের প্রতীক হিসেবে। বৃষ্টিভেজা রাস্তায় মানুষের হাতে হাতে ছাতা যেন একেকটি ছোট গল্প বহন করে। কারো ছাতা কর্মব্যস্ত দিনের সঙ্গী, কারো ছাতা শৈশবের স্মৃতি, আবার কারো কাছে এটি প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্তের স্মারক।
ছাতার রূপ বদলেছে, বদলেছে এর নকশা ও প্রযুক্তি; কিন্তু মানুষের জীবনে এর গুরুত্ব কমেনি। কালো ঐতিহ্যবাহী ছাতা থেকে শুরু করে আধুনিক অটোমেটিক ছাতা প্রতিটি ছাতাই নিজের মতো করে মানুষের পথচলাকে সহজ করে। বর্ষার প্রতিটি বৃষ্টিবিন্দুর সঙ্গে ছাতারও জড়িয়ে থাকে অসংখ্য গল্প। তাই ছাতা শুধু মাথার ওপর একটি আবরণ নয়; এটি বর্ষার সৌন্দর্য, মানুষের অনুভূতি এবং জীবনের ছোট ছোট স্মৃতির এক নীরব সঙ্গী।

