ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

গার্দিওলাকে কোচ বানাতে চায় ইতালি

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৭:০৫ এএম

ইতালির জাতীয় দলের নতুন কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়োগ দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো প্রথমবারের মতো নিশ্চিত করেছেন যে, গার্দিওলার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে এবং এই চুক্তি বাস্তবায়নের জন্য আর্থিক বিষয়সহ কিছু ক্ষেত্রে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। মালাগো জানান, জাতীয় দলের পরিচালক পাওলো মালদিনি এবং তার উপদেষ্টা লিওনার্দো এই আলোচনা পরিচালনা করছেন।

তিনি ক্রোনাশে ডি স্পগলিয়াটিয়ো ইউটিউব চ্যানেলকে বলেন, ‘ব্যতিক্রম করা হয়েছে, বিশেষ করে এমন একটি নামের ক্ষেত্রে, যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায়-পেপ গার্দিওলা। কিছু স্পষ্ট কারণেই আমরা বিশেষ ছাড় দিয়েছি, যদিও সেগুলো এখন প্রকাশ করতে চাই না। তবে এটাও নিশ্চিত নয় যে শেষ পর্যন্ত চুক্তিটি সম্পন্ন হবে।’

গার্দিওলাকে দলে ভেড়ানো যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন মালাগো। তাই ফেডারেশন একই সঙ্গে আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গেও যোগাযোগ রাখছে। আন্দ্রেয়া পিরলো ও রবার্তো মানচিনি কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন। তবে মালাগোর মতে, এ দুজনই একমাত্র বিকল্প নন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, গার্দিওলার সঙ্গে আলোচনা শুরু করা এবং তা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ছিল। এতে অন্য প্রার্থীদের প্রতি কোনো অসম্মান দেখানো হয়নি, কারণ তাদের সঙ্গেও ইতোমধ্যে কথা শুরু হয়েছে। পরে হয়তো আমরা এমন কাউকে বেছে নিতে পারি, যিনি তুলনামূলকভাবে নতুন প্রজন্মের কোচ। বিষয়টি পুরোপুরি দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে।’

ইতালি ২০১৮, ২০২২ এবং ২০২৬-টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বসনিয়ার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর ফেডারেশন বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে। এই প্রেক্ষাপটে গার্দিওলাকেই ইতালির ফুটবলের সবচেয়ে বড় স্বপ্ন হিসেবে দেখা হচ্ছে। ম্যানচেস্টার সিটির দায়িত্বে টানা ১০ বছর কাটানোর পর তিনি বিশ্রামে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি খেলোয়াড়ি জীবনে রোমা ও ব্রেসিয়ার হয়ে খেলার সুবাদে ইতালিয়ান ফুটবলের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কও রয়েছে।