জিম্বাবুয়ে সফর বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো দুঃস্বপ্নে পার করেছেন। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডেতে ১৪২ রানও তাড়া করতে পারেননি তারা। ফলে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও সমালোচনার মধ্যে পড়েছেন। এমনকি তার চাকরি নিয়েও নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। আশরাফুল অবশ্য এসবে পাত্তা দিচ্ছেন না। তার মতে, একটা সিরিজ খারাপ যেতেই পারে।
জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে আশরাফুল বলেন, ‘এগুলো (সমালোচনা) নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। আলহামদুলিল্লাহ, গত সাত মাস ধরে আমাদের ব্যাটাররা খুব ভালো খেলছে। একটি সিরিজ খারাপ যেতেই পারে। একটি টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, কিন্তু এর আগের চারটি টেস্টেই আমাদের ব্যাটাররা অসাধারণ খেলেছে।’
তিনি আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। সামনে অস্ট্রেলিয়ায় দুটি ঐতিহাসিক টেস্ট খেলতে হবে, যেটা অবশ্যই কঠিন হবে। তবে ইতিবাচক বিষয় হলো, আমরা ১০ থেকে ১২ দিন আগে সেখানে যাচ্ছি। সেখানে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকবে। আশা করি, সবাই সুস্থ থাকলে দুটি টেস্টেই আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’
জিম্বাবুয়ে সফরে হতাশাজনক ফলের পর খেলোয়াড়দের উদ্দেশে কী বার্তা দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে আশরাফুল জানান, একটি-দুটি ম্যাচ হারতেই পারে দল। ভিন্ন কন্ডিশনে খেলতে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে, সেটিকেই ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
আশরাফুল বলেন, ‘একটি বা দুটি ম্যাচ আপনি হারতেই পারেন। কন্ডিশন ছিল সম্পূর্ণ ভিন্ন। গত সাত মাস ধরে তারা যেভাবে ভালো ক্রিকেট খেলেছে, সেখানে একটি সিরিজ হারার পর মানসিকভাবে ভেঙে পড়ার কোনো কারণ নেই। এই সফরে তারা ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা পেয়েছে। তানজিম তামিম, তাওহীদ হৃদয় ও রিশাদদের জন্য এটি ছিল জিম্বাবুয়েতে প্রথম সফর। তারা ধীরে ধীরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে।’
আশরাফুল আরও বলেন, ‘তামিম অসাধারণ পারফরম্যান্স করেছে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির মধ্যে টানা চারটি অর্ধশতক করেছে। তার ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল, সে কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে। এটা অবশ্যই ইতিবাচক দিক। এ ছাড়া ইয়াসির রাব্বিও প্রত্যাবর্তনের সিরিজে দারুণ খেলেছে। আমরা কেউই হারতে চাই না। কিন্তু হারার পর ইতিবাচক বিষয়গুলো খুঁজে বের করাটাও খুব গুরুত্বপূর্ণ।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে যে আলোচনা চলছে, সেটি নিয়েও খুব একটা উদ্বিগ্ন নয়, টিম ম্যানেজমেন্ট। আশরাফুল জানান, তাদের মূল লক্ষ্য এখন সিরিজ ধরে এগোনো।
তিনি বলেন, ‘ওই বিষয় নিয়ে ম্যানেজমেন্ট একদমই চিন্তিত না। আমরা সিরিজ বাই সিরিজ যাওয়ার চেষ্টা করছি। এই সিরিজের আগে টানা পাঁচটা সিরিজ বাংলাদেশ জিতেছিল। এই সিরিজটা আমাদের পক্ষে যায়নি। সামনে ভারত আসবে, তাদের সঙ্গে তিনটা ওয়ানডে হবে। এরপর দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ আছে। ওই সময় আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।’

