ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেট টেস্ট

পাকিস্তানকে টানা দ্বিতীয়বার বাংলাওয়াশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২১, ২০২৬, ১২:৪৬ এএম

মিরপুর থেকে সিলেট-পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নতুন এক রূপ দেখল ক্রিকেটবিশ্ব। তাইজুল ইসলামের বলে উড়িয়ে মারতে গেলেন খুররম শাহজাদ। বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ মুঠোয় জমালেন তানজিদ হাসান তামিম। অপেক্ষার প্রহর পেরিয়ে উল্লাসে মাতল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক হোয়াইটওয়াশের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এই নিয়ে টানা দুইবার টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। আর এই মাঠের দাপুটে পারফরম্যান্সের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এলো স্মরণীয় এক সুখবর। টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে এই প্রথম সাত নম্বরে উঠে এসেছে টিম বাংলাদেশ।

গতকাল বুধবার সিলেট টেস্টের শেষ দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। এক জায়গায় বাংলাদেশ একমাত্র। পাকিস্তানকে হোম ও অ্যাওয়েতে টেস্টে হোয়াইটওয়াশ করা একমাত্র দল বাংলাদেশ।

বাংলাদেশের নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার কোনো প্রতিপক্ষের বিপক্ষে জিতল টানা চার টেস্ট। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা চার টেস্ট জেতার নজির ছিল। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে টেবিলের পাঁচে উঠে এলো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেক খালি বাকি থাকলেও আপাতত ইংল্যান্ড, ভারতের উপরে থাকার আনন্দ উপভোগ করতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বড় জয়ের আভাস ছিল আগের দিন থেকেই। বৃষ্টিতে ১৫ মিনিট বিলম্বে শুরু হওয়া শেষ দিনের খেলায় বাংলাদেশের অপেক্ষা বাড়াচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান, বাড়ছিল হতাশাও। প্রথম ঘণ্টার বিরতির পর বদলে গেল সব। শরীরী ভাষায় বারুদ নিয়ে দ্রুতই মুড়ে দিল প্রতিপক্ষকে। ৪৩৭ রানের রেকর্ড তাড়ায় পাকিস্তান থামল ৩৫৮ রানে।

দিনের প্রথম ঘণ্টা চরম হতাশার। আলগা বলে বেশকিছু রান বেরিয়ে গেল, হাতছাড়া হলো সুযোগ। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দারুণ জুটিতে বাংলাদেশের চিন্তা বাড়ালেন সাজিদ খান। শেষ পর্যন্ত পানি পানের বিরতিটা কাজে লাগল খুব, নেতিয়ে পড়া মানসিকতা থেকে জেগে উঠল গোটা দল। বিরতির পর ফিরেই তাইজুল সাজিদকে আউট করে পান নিজের পঞ্চম উইকেট। ম্যাচে ফেরে বাংলাদেশ।

৭ উইকেটে ৩১৬ রান নিয়ে নেমে আরও ৪২ রান যোগ করেন রিজওয়ান-সাজিদ। ৮ম উইকেট জুটিতে ৫৪ আনার পর সাফল্য আনেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। তার বলে স্লিপে ক্যাচ ধরেন নাজমুল হোসেন শান্ত।

পরের ওভারেই রিজওয়ানের কাঁটা দূর করেন শরিফুল। সেঞ্চুরির কাছে থাকা পাকিস্তানের কিপার ব্যাটার গালিতে মেহেদী হাসান মিরাজের হাতে জমা পড়তে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ। বাকিটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। তাইজুল ৬ উইকেট নিয়ে মুড়ে দেন সফরকারীদের ইনিংস।

এদিকে আইসিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৭। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এক লাফে ১১ রেটিং পয়েন্ট বাড়িয়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮। অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হেরে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে ৭৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে নেমে গেছে। আর এক ধাপ পিছিয়ে ৬৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে ক্যারিবীয়রা। ১ ধাপ এগিয়ে ৮৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে (ষষ্ঠ স্থানে) আছে শ্রীলঙ্কা। এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আসেনি কোনো পরিবর্তন।

একনজরে আইসিসি টেস্ট টিম র‌্যাঙ্কিং

১. অস্ট্রেলিয়া (১৩১ পয়েন্ট)

২. দক্ষিণ আফ্রিকা (১১৯ পয়েন্ট)

৩. ভারত (১০৪ পয়েন্ট)

৪. ইংল্যান্ড (১০২ পয়েন্ট)

৫. নিউজিল্যান্ড (১০১ পয়েন্ট)

৬. শ্রীলঙ্কা (৮৬ পয়েন্ট)

৭. বাংলাদেশ (৭৮ পয়েন্ট)

৮. পাকিস্তান (৭৫ পয়েন্ট)

৯. ওয়েস্ট ইন্ডিজ (৬৮ পয়েন্ট)

১০. জিম্বাবুয়ে (১০ পয়েন্ট)